১৬ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন সমঝোতা স্মারক| |ক্রেডিট : ইন্টারনেট
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন সমঝোতা স্মারক ইতোমধ্যে ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহী ছিলেন, যাতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তার অঙ্গীকার ও সম্পৃক্ততা প্রতিফলিত হয়। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরের কথা বলা হয়েছে, ইরান সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে ‘ঐতিহাসিক প্রতিরোধ’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন। বর্তমানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থানরত প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেবেন। ট্রাম্প আরও বলেন, সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ লিখিত পাঠ শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। সূত্র: আল জাজিরা
মন্তব্য:০