১৯ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি| |ক্রেডিট : ইন্টারনেট
কানাডার পণ্যের ওপর বুধবার (১৯ আগস্ট) থেকে কার্যকর হওয়ার কথা থাকা নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডা একটি চুক্তিতে পৌঁছেছে দাবি করে মঙ্গলবার রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। তবে চূড়ান্ত নথিপত্র সম্পন্ন হওয়ার শর্তেই শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের ঘোষণার পরও কানাডা সরকারের পক্ষ থেকে চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এদিকে ট্রাম্প জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পটি কীভাবে বা কখন পুনরুজ্জীবিত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। মঙ্গলবার বিকেলে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলার পরই ট্রাম্প শুল্ক স্থগিতের ঘোষণা দেন। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্য ইস্যুতে তীব্র ও জটিল আলোচনা চলছিল। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি শিল্প সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান গাড়ি আমদানি শুল্কই দুই দেশের আলোচনায় অন্যতম বড় বিরোধের কারণ হয়ে উঠেছিল। প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় পণ্য এর আওতায় আসত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির (USMCA) আওতায় অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাওয়া কানাডীয় পণ্যও নতুন শুল্কের আওতায় পড়ার কথা ছিল। সূত্র: রয়টার্স
মন্তব্য:০