৭ অক্টোবর, ২০২৬
স্বদেশ › শিক্ষা

চিত্র:মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার উপযোগী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যবইয়ের বাইরেও খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি জ্ঞান ও আনন্দময় শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বই যুক্ত করার কথাও জানান তিনি। মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নতুন পাঠ্যক্রমের বিষয়ে তিনি জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’—এই দুটি বই যুক্ত হবে। আর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত করা হবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। এর মাধ্যমে প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ, সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কার্যক্রম স্থির থাকবে না। ২০২৮ সাল থেকে প্রয়োজনের ভিত্তিতে পাঠ্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের সময়ের চাহিদা ও ভবিষ্যৎ কর্মজগতের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে আরও নতুন বই ও বিষয় যুক্ত করা হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা তৈরির বিষয়ে মন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে এবং দেশকে নেতৃত্ব দেবে—এমন একটি প্রজন্ম তৈরিই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে কলেজে ভর্তি নিয়ে সৃষ্ট পরিস্থিতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত ভর্তি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ভর্তি শেষে অনেক আসন খালি রয়েছে। চলতি বছর কলেজগুলোর মোট আসনসংখ্যার তুলনায় ফলাফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা অনেক কম হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গ্যাস ও তেলের দাম বেড়েছে। তারপরও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম অনেকটাই কম রয়েছে। সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বর্তমান সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং জনগণের ওপর যতটা সম্ভব কম চাপ সৃষ্টি করে যৌক্তিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যেই কাজ চলছে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্তব্য:০