২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গু'লিবর্ষণ| |ক্রেডিট : ইন্টারনেট
যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবের আনন্দ পরিণত হয়েছে চরম বিষাদ ও আতঙ্কে। ৩১ অক্টোবর রাত থেকে ১ নভেম্বরের মধ্যে একাধিক অঙ্গরাজ্যের বিনোদন কেন্দ্র, পার্টি ও শিক্ষাঙ্গনে সংঘটিত গুলিবর্ষণে কমপক্ষে ২৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং হাসপাতালে কাতরাচ্ছেন আরও ৯৪ জন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সংগ্রহ করা তথ্যে এ চিত্র উঠে এসেছে। টেক্সাসের ডিপ এলাম বিনোদন এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিনটি স্থানে হামলা চালিয়ে চারজনকে হত্যা ও ১৫ জনকে আহত করা হয়। শত শত মানুষের ভিড় থাকা সত্ত্বেও বন্দুকধারীরা নির্বিচারে গুলিবর্ষণ চালায়। পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, অতিরিক্ত নিরাপত্তার কারণে পুলিশ দ্রুত পৌঁছে হতাহতদের উদ্ধার করতে পেরেছে। একই রাতে ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি রাস্তায় ছড়িয়ে পড়া পার্টিতে গুলিতে ২০ বছর বয়সী তরুণ নিহত হন এবং অপর ঘটনা মিলিয়ে দুজন মারা যান। মিসিসিপির জ্যাকসনের একটি বারে দুজন প্রাণ হারান এবং ক্যালিফোর্নিয়ায় পোশাকের দোকানে গুলি চালিয়ে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশের এলাকাগুলোও এদিন বন্দুকধারীদের নিশানায় পরিণত হয়। ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছে গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী প্রাণ হারান এবং আহত হন সাতজন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হোমকামিং ও হ্যালোইন চলাকালে সাতজন গুলিবিদ্ধ হন এবং অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আলাবামার বার্মিংহামে স্টেডিয়ামের বাইরে একজন নিহত ও আটজন আহত হন। ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ছয়জন এবং আরকানসাসের ফায়েটভিলেও ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রের অপরাধ বিশেষজ্ঞদের মতে, ছুটির দিন ও হ্যালোইনের মতো উন্মুক্ত পার্টিগুলোতে বিপুল জনসমাগমে পুলিশের পক্ষে প্রতিটি কোনায় নজরদারি চালানো প্রায় অসম্ভব। ইউএস বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক কর্মকর্তা অ্যালেক্সিস পিকেরো উল্লেখ করেছেন, পুলিশের সীমাবদ্ধতার কারণেই এমন জনবহুল উৎসব মুহূর্তেই প্রাণঘাতী রূপ নিচ্ছে। তথ্যসূত্র: ইউএস পুলিশ ডিপার্টমেন্ট ব্রিফিং ও দ্য নিউইয়র্ক টাইমস প্রতিবেদন।
মন্তব্য:০