৫ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রতিমন্ত্রী মীর হেলাল| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
তরুণ ও কিশোর সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করে একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। শনিবার (৪ জুলাই) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সুস্থ ও দক্ষ তরুণ সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি তরুণদের মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও কার্যকর ভূমিকা পালন করে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি শক্তিশালী ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তরুণদের উদ্দেশে লেখাপড়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং দেশের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের উন্নয়ন ও ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি কারিগরি শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা দল)। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে ক্রীড়া উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
মন্তব্য:০