শিরোনাম
নেপালের ভয়াবহ বন্যায় ৫ হাজারের বেশি নিখোঁজ, মৃত্যু সনদ না পাওয়ায় বিপাকে পরিবার *** রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন ফ্রান্স-জাপানের দুই বিজ্ঞানী *** শর্তহীন আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই, লংমার্চ চলবে ইমরানের সিদ্ধান্তে *** রুশ হামলায় কাঁপল ইউক্রেন, ক্ষেপণাস্ত্র-ড্রোনে নিহত ২৮ *** ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক, দুই ঘণ্টা পর মুক্ত ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৩ অক্টোবর, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

তরুণদের দক্ষতা, শিক্ষার মান ও সুশাসনে গুরুত্ব দিচ্ছে সরকার: তারেক রহমান

আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে সংলাপ, অংশীদারিত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি নাগরিকসেবা, শিক্ষার উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে বক্তব্যে তারেক রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তোলার সরকারের লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া জরুরি। বর্তমান বিশ্বে অর্থনীতি, নিরাপত্তা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা ও সেবা সহজ করার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিদ্যমান বিভিন্ন কার্ডের সমন্বয়ে প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সেল কার্ড দেওয়ার উদ্যোগ নিতে চায় সরকার। এর মাধ্যমে নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা আরও সমন্বিতভাবে নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের শিক্ষা নিয়ে তিনি বলেন, শিক্ষার পরিবেশ হতে হবে আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব। কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং শিশুদের প্রকৃত শিক্ষা ও বিকাশ নিশ্চিত করার লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিল এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, তরুণদের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে সরকার। সিজিএসের আয়োজনে অনুষ্ঠিত এবারের সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য স্থান পেয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, শতাধিক দেশ থেকে প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারেরও বেশি অংশগ্রহণকারীর এতে যুক্ত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের উদ্বোধনী সেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।





মন্তব্য