১৯ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, তিস্তা অববাহিকার মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রকল্পটির বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। শুক্রবার লালমনিরহাটে তিস্তা নদী ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনকল্যাণ নিশ্চিত করা। তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে দেশের স্বার্থ ও স্থানীয় জনগণের দীর্ঘমেয়াদি উপকার বিবেচনায় রেখে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সরকার বাস্তবমুখী উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বাস করে। পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পাশাপাশি খাল খনন কার্যক্রমকে নতুন করে সক্রিয় করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে দ্রুত একনেকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প যেভাবে নিজস্ব অর্থায়নে নেওয়া হয়েছে, প্রয়োজনে তিস্তা মহাপরিকল্পনাও নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে। সফরকালে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন নদী, সেচ খাল ও জলসম্পদ অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: পানিসম্পদ মন্ত্রণালয়।

image : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | credit : ছবি: সংগৃহীত
মন্তব্য:০