১৪ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান এবং ঢাকা শিক্ষা বোর্ডে বিক্ষোভ করেন| |ক্রেডিট : ইন্টারনেট
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন একদল শিক্ষার্থী। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এ সময় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কিছুক্ষণ অবস্থান করার পর শিক্ষার্থীরা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে এগিয়ে গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। শিক্ষা বোর্ডের সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা জানান, দেশের চলমান দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শোনা হচ্ছে। তাদের বক্তব্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ড। সূত্র: ঢাকা শিক্ষা বোর্ড ও ঘটনাস্থলের তথ্য
মন্তব্য:০