১৩ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক › যুদ্ধ

চিত্র:ইরানের ধ্বংসস্তূপ থেকে তোলা হচ্ছে মৃতদেহ| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
ইরানের রাজধানী তেহরানে সাম্প্রতিক বিমান হামলার পর সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জোরালো তৎপরতা চালাচ্ছে ইরানের রেড ক্রিসেন্ট। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে ৯৬০ জনকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। রেড ক্রিসেন্টের ভাষ্য অনুযায়ী, হামলার ফলে সারা দেশে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। প্রায় এক লাখ বসতবাড়ি এবং ২৪ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠানসহ মোট এক লাখ ২৫ হাজার ৬৩০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত বিপর্যয় দেখা দেয়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর সামনে আসে। সংঘাতের কয়েক সপ্তাহে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির তথ্যও পাওয়া গেছে। পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে সরাসরি প্রভাব ফেলে। এই পথ দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। তবে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, এই যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। সূত্র: আল-জাজিরা।
মন্তব্য:০