২১ জুন, ২০২৬
খেলা › আন্তর্জাতিক:

চিত্র:দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি| |ক্রেডিট : ইন্টারনেট
বিশ্বকাপে টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ২০২৬ আসরে নতুন করে নিজেদের শক্তির জানান দিল জার্মানি। টরন্টোতে অনুষ্ঠিত গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রথমার্ধে দারুণ লড়াই উপহার দেয় আইভরি কোস্ট। ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে আফ্রিকান দলটি এগিয়ে যায়। জার্মানি কয়েকবার জালে বল পাঠালেও ফাউলের কারণে গোলগুলো বাতিল হওয়ায় বিরতিতে পিছিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেন কোচ নাগেলসম্যান। একসঙ্গে তিনটি পরিবর্তন এনে মাঠে নামানো হয় ডেনিজ উন্দাভ, নাদিয়েম আমিরি ও জেমি লেভেলিংকে। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে। ৬৮তম মিনিটে আমিরির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে জার্মানিকে সমতায় ফেরান উন্দাভ। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। মাত্র ১১ আন্তর্জাতিক ম্যাচে ৯ গোল করা উন্দাভ চলতি বিশ্বকাপে তিন গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের তিনটি গোলই তিনি বদলি হিসেবে মাঠে নেমে করেছেন। পরাজিত হলেও আইভরি কোস্টের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। কিমিখ, রুডিগারদের বিপক্ষে তারা দীর্ঘ সময় আধিপত্য দেখিয়েছে এবং শেষ ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে জয় পেলে তাদের সামনেও নকআউটের সুযোগ থাকবে। এদিকে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। ২০১৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠল ডাই মানশাফটরা।
মন্তব্য:০