১৪ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।| |ক্রেডিট : ইন্টারনেট
প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, মেধাবী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আইসিটি মন্ত্রণালয়ের অধীনে ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তাদের প্রকল্পের ধরন ও সম্ভাবনা বিবেচনা করে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নতুন উদ্যোক্তারা ব্যাংক ঋণ নিতে গিয়ে জামানত, কাগজপত্র ও নানা ধরনের জটিলতার মুখে পড়েন। সেই সমস্যা দূর করতেই একটি নিরপেক্ষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। তারা উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবেন। প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যেসব তরুণের উদ্ভাবনী ধারণা রয়েছে কিন্তু জামানত না থাকায় ব্যাংক ঋণ পান না, তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাবনা যাচাই করেই নিরপেক্ষ কমিটি অর্থায়নের সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, যেহেতু এই অর্থ জনগণের অর্থ, তাই যথাযথ মূল্যায়নের ভিত্তিতে তা বিনিয়োগ করা হবে। কোনো উদ্যোক্তার উদ্যোগ প্রথমবারে সফল না হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীয় দফায়ও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, আবেদন, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ ও বিভিন্ন সেবা একই প্ল্যাটফর্ম থেকে পাবেন। সংশ্লিষ্টদের আশা, এর ফলে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
মন্তব্য:০