২ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রতীকী ছবি| |ক্রেডিট : ইন্টারনেট
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আপিল বিভাগের সর্বশেষ রায়ের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রমে বিদ্যমান আইনি জটিলতা দূর হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দেওয়া এ রায়ের ফলে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। সরকার এর আগে দেশের প্রায় ৩২ হাজার ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল। তবে প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি মামলায় আদালতের স্থগিতাদেশ জারি হওয়ায় পুরো প্রক্রিয়া থমকে যায়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তখন জানিয়েছিলেন, বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ঘাটতি দূর করতেই সরকার এ বৃহৎ নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে। আদালতের আদেশের কারণে নিয়োগ বিলম্বিত হলেও বিষয়টির দ্রুত সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর সেই আইনি জটিলতার অবসান হয়েছে। ফলে এখন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য:০