২৫ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সরকারি কার্যালয়গুলোর ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।| |ক্রেডিট : ইন্টারনেট
স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সরকারি কার্যালয়গুলোর ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কার্যালয়ে নয়, পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোকেও সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে কম খরচে আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবা অবকাঠামোর একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে। সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। অন্যদিকে হাইব্রিড ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে বেসরকারি খাতের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেওয়ার পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সরকারি ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি এ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অগ্রাধিকারকে সামনে রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে গত ১৭ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। কমিটিগুলো সংশ্লিষ্ট বিভাগের অধীন সরকারি ভবনগুলোর মধ্যে যেসব ভবনের ছাদে সোলার প্যানেল বসানো সম্ভব, সেগুলো চিহ্নিত করেছে। একই সঙ্গে চিহ্নিত ভবনগুলোর ছাদের মোট আয়তন, সোলার প্যানেল স্থাপনে সম্ভাব্য ব্যয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জও পর্যালোচনা করা হয়েছে। সভায় আরও জানানো হয়, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোতেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরাও সভায় অংশ নেন। সূত্র: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রদত্ত সংবাদ প্রতিবেদন।
মন্তব্য:০