শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী ভারত: প্রতিমন্ত্রী

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আলোচনা সাপেক্ষে ভারতীয় পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা জানান। এর আগে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। সাক্ষাতে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানান। নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকারমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতারও প্রশংসা করেন তিনি। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে। বিশেষ করে দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্যের সম্ভাবনা এবং পিপল-টু-পিপল যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন ড. আবদুল মঈন খান। অন্যদিকে স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, হায়দ্রাবাদে অবস্থিত ভারতের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করা যেতে পারে। ভারতের হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময় উভয় পক্ষের জন্য কার্যকর হতে পারে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার দৃঢ়ভাবে কাজ করছে। চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচন অনুষ্ঠিত হলে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগাতে ভারত সরকার আগ্রহী। এ বিষয়ে আলোচনা করে ভারতীয় পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধেসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়





মন্তব্য