২৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্বদেশ › রাজনীতি

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমান।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সভায় তিনি বলেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়ে আছে এবং সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি সদস্যই সরকারের অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রী বলেন, “সরকার তখনই সফল হবে, যখন আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা—তাই মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্বও আমাদেরই নিতে হবে।” তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপির নির্বাচনী মেনিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। তাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নারী উন্নয়ন, ক্রীড়া–সব খাতে দ্রুত কাজ এগিয়ে নিতে হবে। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যপ্রণালী তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা পায়। দুর্নীতি নির্মূলে প্রশাসনের পূর্ণ সহযোগিতা আশা করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও সরকারি নিয়ম-নীতির কঠোর অনুসরণের ওপর জোর দেন।
মন্তব্য:০