১৬ মার্চ, ২০২৬
স্বদেশ › রাজনীতি

চিত্র:সরকারের খাল খনন কর্মসূচির উদ্বোধন;প্রধানমন্ত্রী তারেক রহমান| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের বাস্তব সমস্যার সমাধান করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি জানান, সাহাপাড়ায় খাল খননের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এর ফলে প্রায় ১২০০ হেক্টর জমিতে সেচ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই খালের পানি ব্যবহার করে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পানি ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত জরুরি। খাল খনন ও পুনঃখননের মতো উদ্যোগগুলো কৃষকদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করেন। সরকারের এই উদ্যোগকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং এলাকার মানুষের জীবন-জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

image : সরকারের খাল খনন কর্মসূচির উদ্বোধন;প্রধানমন্ত্রী তারেক রহমান | credit : ছবি: সংগৃহীত
মন্তব্য:০