শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’| |ক্রেডিট : ইন্টারনেট

সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রগতি

দীর্ঘদিনের দাবির পর বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ জুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি সংসদে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০১ সালে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ গেজেট আকারে প্রকাশিত হলেও নানা কারণে সেটি বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে প্রায় ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, কেবল বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এতে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এ উদ্দেশ্যে পূর্বের আইন সংশোধন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় পর্যায়ে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রও শক্তিশালী হবে। স্থায়ী কমিটির সুপারিশ পাওয়ার পর বিলটি পুনরায় জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এরপর সংসদে পাস হলে বগুড়ায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। সূত্র: জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ বিভাগ





মন্তব্য