৯ মার্চ, ২০২৬
স্বদেশ › অধিকার

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমান| |ক্রেডিট : ইন্টারনেট:
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ ও নারীর সক্রিয় অংশগ্রহণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শনিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ তাৎপর্যপূর্ণ।” প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে উন্নয়নের সুফল অর্জন কঠিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে ‘নারী বিষয়ক দপ্তর’ স্থাপন করেছিলেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়। বর্তমান সরকার নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’, স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ডিজিটাল লার্নিং সুবিধা এবং ফ্রি স্কুল ইউনিফর্ম চালু করেছে। নারীর নিরাপত্তার জন্য সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নারী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সফল হবে এবং নারীর অংশগ্রহণ দেশের সমৃদ্ধি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

image : প্রধানমন্ত্রী তারেক রহমান | credit : ইন্টারনেট:
মন্তব্য:০