শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৪ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:সম্পাদকীয়| |ক্রেডিট : ইন্টারনেট:

সম্পাদকীয়:নতুন নেতৃত্বের উত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে রাজনৈতিক রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দীর্ঘ সময় ধরে নেতৃত্ব শূন্যতা, সংগঠনিক ভাঙন ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে পথচলা বিএনপির পক্ষে এই নির্বাচনের ফল শুধু একটি বড় জয়ই নয়—এটি দলের পুনরুত্থানের সুস্পষ্ট ঘোষণা। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জন্মলগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময় দলের যে উত্থান-পতন ঘটেছে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁদের রাজনৈতিক দর্শন ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক পরিক্রমায় বিশেষ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতার পর দীর্ঘ দেড় যুগের বেশি সময় দেশের বাইরে থাকলেও দলের নেতৃত্বের ভার নিয়ে তারেক রহমান যে নতুন পথরেখা তৈরি করেছেন, তা এবারের নির্বাচনেই প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। অতীতের রাজনৈতিক বাধা, ব্যক্তিগত সংকট এবং মাকে হারানোর গভীর শোক—সবকিছুকে পেছনে রেখে নির্বাচনের আগে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে নেওয়া কঠোর সিদ্ধান্ত, প্রার্থী নির্বাচন নিয়ে স্বচ্ছতা আনতে কৌশলগত উদ্যোগ এবং ব্যক্তি ও দলীয় শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান—এসবই তাঁকে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক পরিচয় তৈরি করেছে। এবারের নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয়টিতেই জয়লাভ তাঁর জন্য যেমন ব্যক্তিগত সাফল্য, তেমনি রাজনৈতিক পরিমণ্ডলে একটি বিরল নজির। দেশের বেশির ভাগ এলাকায় তিনি স্বশরীরে প্রচার চালিয়েছেন—যা তাঁর নেতৃত্বের প্রতি দলের আস্থা ও জনসম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত নানা নীতিমালা—যেমন কৃষি সহায়তা, স্বাস্থ্যসেবায় নতুন কাঠামো, কর্মসংস্থানের বাস্তবমুখী পরিকল্পনা—ভোটারদের মধ্যে আশাবাদের নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে। রাজনীতিতে কেবল পরিবর্তনের প্রতিশ্রুতি নয়, পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এগোনোর যে প্রবণতা দেখা গেছে, সেটি তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে মানবিক উদ্যোগ, দলীয় কর্মীদের প্রতি দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের সমস্যায় দ্রুত সাড়া দেওয়াও তাঁর নেতৃত্বের আরেক গুরুত্বপূর্ণ দিক। প্রাণীসেবা থেকে শুরু করে ব্যক্তিগত সহায়তা—বহু ক্ষেত্রেই তাঁর তত্ত্বাবধানে গঠিত সামাজিক কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়েছে বলে আলোচনায় এসেছে। তবে এই সাফল্যের সঙ্গে রয়েছে একটি বড় দায়িত্বও। প্রথমবার সংসদ সদস্য এবং সম্ভাব্যভাবে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে মোকাবিলা করতে হবে রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রশাসনিক সংস্কার এবং সামাজিক আস্থাহীনতার মতো কঠিন বাস্তবতাকে। দেশের ইতিহাসে এ ধরনের নজির খুব কমই আছে যেখানে এত দ্রুত একজন নেতা জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন। তাই আগামীর প্রতিটি পদক্ষেপে থাকবে প্রত্যাশার চাপ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়—এটি একটি নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থানও বটে। এখন দেখার বিষয়, এই নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্র পরিচালনার আধুনিক কাঠামো নির্মাণে কতটা সফল হয়।

News Picture

image : সম্পাদকীয় | credit : ইন্টারনেট:






মন্তব্য