২৯ আগস্ট, ২০২৫
অস্ট্রেলিয়া › নারীর অপহরণ,এক ব্যক্তি গ্রেপ্তার,সিডনি,অপহরণ ও হত্যাকাণ্ড,

চিত্র:থি কিম ট্রান| |ক্রেডিট : internet
এপ্রিল মাসে সিডনির বেভারলি হিলসে একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে থি কিম ট্রান (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৭ এপ্রিল রাতে ব্যাংকস্টাউনের বাড়িতে থাকা অবস্থায় মুখোশধারী তিন ব্যক্তি অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সময় ৮ বছর বয়সী এক শিশুকে বেসবল ব্যাট দিয়ে মারধর করা হয় এবং ১৫ বছর বয়সী আরেক কিশোরও তখন বাড়িতে উপস্থিত ছিল। পরে ট্রানের মরদেহ একটি পুড়ে যাওয়া SUV গাড়ির ভেতর পাওয়া যায়। পুলিশের ধারণা, এই হামলার পেছনে তার স্বামীর ভিক্টোরিয়াভিত্তিক একটি অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও তাকে এখনও কোনো অভিযোগে অভিযুক্ত করা হয়নি। গতকাল ব্যাংকস্টাউনের একটি ইউনিটে অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে জামিন না দিয়ে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ আদালতে দাবি করবে, অভিযুক্ত ব্যক্তি সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও, তিনজন হামলাকারীকে ট্রানের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং অপহরণ ও হত্যায় সহায়তা করেন। NSW পুলিশের হোমিসাইড স্কোয়াডের কমান্ডার জো দুঈহি জানিয়েছেন, প্রমাণ অনুযায়ী ট্রানকে গুলি করে হত্যা করা হয় এবং পরে গাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। স্ট্রাইক ফোর্স বুশফিল্ডের অধীনে তদন্ত চলছে এবং পুলিশ এখনও তিনজন মূল অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে। ৮ বছর বয়সী শিশুটি গুরুতর আঘাত থেকে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে। ট্রানের এক আত্মীয় সামাজিক মাধ্যমে সরকারের কাছে ন্যায়বিচার চেয়ে আবেদন করেন। এক বন্ধু বলেন, “ওর এমন পরিণতি হওয়া উচিত ছিল না। সে একজন ভালো মা ছিল। সবাই স্তম্ভিত।”
মন্তব্য:০