৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:জামিউল হাসান আরাফ| |ক্রেডিট : ইন্টারনেট
শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় স্থান পেয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকারবিষয়ক সংগঠন কিডসরাইটস। সম্প্রতি কিডসরাইটস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জামিউল হাসান আরাফের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশু ও তরুণদের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগকে স্বীকৃতি দিতে ২০০৫ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে সংস্থাটি। বিশ্বজুড়ে এটি ‘শিশুদের নোবেল’ নামেও পরিচিত। শৈশবে নিজের চারপাশে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনসংগ্রাম প্রত্যক্ষ করার অভিজ্ঞতা থেকেই শিশু অধিকার নিয়ে কাজের অনুপ্রেরণা পান আরাফ। শিশুশ্রমে নিয়োজিত শিশুদের দুর্দশা, বাল্যবিবাহের ঝুঁকি এবং দারিদ্র্যের কারণে শিক্ষার সুযোগ হারানো শিশুদের পরিস্থিতি তাঁকে এ বিষয়ে সোচ্চার করে তোলে। পরে সাংবাদিকতাকে তিনি শিশুদের সমস্যা ও অধিকারবঞ্চনার চিত্র তুলে ধরার মাধ্যম হিসেবে গ্রহণ করেন। শিশুবিষয়ক সংবাদমাধ্যম ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ তাঁর প্রকাশিত প্রতিবেদনগুলোতে শিশুদের মৌলিক অধিকার, শিক্ষার মান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব উঠে এসেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিশুদের জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে কাজ করছেন তিনি। কিডসরাইটসের পরিচিতি বিবরণীতে আরাফের উদ্যোগের কেন্দ্রীয় বিষয় হিসেবে শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার অধিকারকে চিহ্নিত করা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের আইনি ও সামাজিক সুরক্ষা জোরদার করা এবং সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে সচেতনতা তৈরির বিষয়েও তিনি কাজ করছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মাঠপর্যায়ে শিশুদের কল্যাণে কাজ করছেন আরাফ। তাঁর এই সম্পৃক্ততা শিশুদের সমস্যা সরাসরি অনুধাবন এবং তাদের অধিকার নিয়ে জনপরিসরে আলোচনা তৈরির প্রচেষ্টার অংশ। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন শিশু অধিকার নিয়ে জামিউল হাসান আরাফের কাজকে বিশ্বপরিসরে পরিচিত করার একটি সুযোগ তৈরি করেছে। শিশুদের সার্বিক সুরক্ষা, শিক্ষার অধিকার এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাংবাদিকতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
মন্তব্য:০