২৭ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি| |ক্রেডিট : ইন্টারনেট
আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোররা যদি নিজেদের যোগ্য, সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, তবে ভবিষ্যতে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশ গঠনের কাজ শুরু করেছে, তবে এই অগ্রযাত্রাকে সফল পরিণতিতে পৌঁছে দিতে ভবিষ্যৎ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও নিজেকে গড়ে তুলতে হবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু, টেনিস খেলোয়াড়সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব তৈরি হবে। তাই আত্মগঠন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণের বিষয়েও শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলা, অন্যদেরও তা থেকে বিরত রাখা এবং প্রয়োজনে নিজেরাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। পুকুর, নদী বা আশপাশের পরিবেশ দূষিত হতে দেখলে তা পরিষ্কারে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পশুপাখির প্রতি মানবিক আচরণ করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা নয়, বরং যত্ন ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে। সরকার শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন বা অন্য যে কোনো সৃজনশীল ক্ষেত্রে নিজেদের বিকশিত করতে চাইলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্য ও ইতিবাচক কর্মকাণ্ডকে সংবাদমাধ্যমে অগ্রাধিকার দিয়ে তুলে ধরা উচিত, যাতে অন্য শিশুরাও উৎসাহিত হয়। সূত্র: প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’ সমাপনী অনুষ্ঠান।
মন্তব্য:০