৮ জুলাই, ২০২৬
খেলা › আন্তর্জাতিক:

চিত্র:শেষ ষোলোর ম্যাচে রেফারিং বিতর্ক, ফিফার দ্বারস্থ মিশর| |ক্রেডিট : ইন্টারনেট
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হারের পর ম্যাচের রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স তদন্তেরও দাবি জানিয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা মনে করেন, ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত ন্যায্য ছিল না এবং সেগুলো ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট রেফারি দলকে টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়ারও আহ্বান জানিয়েছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ম্যাচের ফলাফল যেন পূর্বনির্ধারিত ছিল এবং রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ প্রয়োগ করা হয়েছিল। মিশরের অভিযোগে দুটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে। একটি হলো, ভিএআরের মাধ্যমে আগের একটি ফাউলের সিদ্ধান্ত দেখিয়ে মিশরের করা একটি গোল বাতিল করা। অন্যটি হলো, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য ফাউলের অভিযোগ থাকা সত্ত্বেও সেটি ভিএআরে পুনর্বিবেচনা না করা। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, এসব সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং রেফারিংয়ের মান নিশ্চিত করতে ফিফার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তবে এ বিষয়ে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: টিওয়াইসি স্পোর্টস
মন্তব্য:০