৬ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রাপ্তবয়স্কদেরও প্রয়োজন কিছু টিকা| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
সংক্রামক রোগের বিস্তার এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে প্রাপ্তবয়স্কদের জন্যও টিকাদানের গুরুত্ব বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শুধু শৈশবে নেওয়া টিকার ওপর নির্ভর না করে বয়সভিত্তিক প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিকাও গ্রহণ করা উচিত। বিশেষজ্ঞদের ভাষ্য, বিভিন্ন টিকার সুরক্ষা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকে। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী রাখতে নতুন করে কিছু টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে। এর মধ্যে অন্যতম হলো টিড্যাপ (Tdap) টিকা, যা টিটেনাস, ডিফথেরিয়া ও হুপিং কাশির বিরুদ্ধে সুরক্ষা দেয়। প্রতি ১০ বছর পর এ টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এইচপিভি টিকা নারী-পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এটি জরায়ুমুখের ক্যানসারসহ কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে। সাধারণত তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য এ টিকা বেশি উপযোগী। হেপাটাইটিস-বি টিকা লিভারজনিত গুরুতর রোগ প্রতিরোধে সহায়তা করে। অন্যদিকে নিউমোকক্কাল টিকা নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ টিকা আগেই নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যেসব ব্যক্তি নিয়মিত ভ্রমণ করেন বা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তাদের জন্য টাইফয়েড প্রতিরোধী টিকা গ্রহণও গুরুত্বপূর্ণ হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিরোধই সর্বোত্তম সুরক্ষা। তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা গ্রহণ করলে দীর্ঘমেয়াদে সুস্থ থাকা সহজ হয়।
মন্তব্য:০