১ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল| |ক্রেডিট : ইন্টারনেট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা এবং রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালটির পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবে একটি জাপানি কনসোর্টিয়াম। একই সঙ্গে পরিচালনাজনিত রাজস্ব বণ্টনের কাঠামোও চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ২০১৭ সালে ২১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করেছে এবং বাকি অর্থ জাপানের ঋণ সহায়তার মাধ্যমে এসেছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এবং চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চলতি মাসেই চুক্তি স্বাক্ষরের জন্য জোরালো প্রচেষ্টা চলছে। তিনি জানান, চুক্তি অনুযায়ী টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম এবং বাংলাদেশ পাবে ২৭ শতাংশ। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে।
মন্তব্য:০