৭ অক্টোবর, ২০২৬
স্বদেশ › অপরাধ

চিত্র:শহীদ আবরার ফাহাদ।| |ক্রেডিট : ফাইল ছবি।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাত বছর পূর্ণ হলেও দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কার্যকর করা সম্ভব হয়নি। বিচারিক আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত মামলার বিচার শেষ হলেও আপিল বিভাগে এখনো মূল আপিলের শুনানি শুরু হয়নি। ফলে ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকার পরও মামলার চূড়ান্ত পরিণতি নিয়ে অপেক্ষায় রয়েছে আবরারের পরিবার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে প্রাণ হারান আবরার ফাহাদ। বাংলাদেশ ও ভারতের মধ্যে তৎকালীন কয়েকটি চুক্তির সমালোচনা করে ফেসবুকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। রাতের দিকে নির্যাতনের পর শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাত বছর পরও কুষ্টিয়ার পিটিআই সড়কের পাশে আবরারদের বাড়িতে তার উপস্থিতির স্মৃতি যেন আগের মতোই রয়ে গেছে। মঙ্গলবার বাড়িটিতে দেখা যায়, আবরারের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, বিছানা, পড়ার টেবিলসহ বিভিন্ন সামগ্রী সংরক্ষিত রয়েছে। এসব স্মৃতি নিয়েই দিন কাটছে তার মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহর। ছেলের হত্যার বিচার শেষ হওয়ার পরও রায় কার্যকর না হওয়া এবং কয়েকজন আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আবরারের বাবা। তিনি মনে করেন, আবরার যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। বরকত উল্লাহ বলেন, ‘ভারত আমাদের দেশটাকে গ্রাস করতে চেয়েছিল। আবরার সেটার প্রতিবাদ করেছিল। যে কারণে আবরারকে জীবন দিতে হয়েছে, সেটার বাস্তবায়ন চাই আমরা। দেশকে নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই।’ নাতির বিচার সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছেন আবরারের ১০৫ বছর বয়সী দাদা আব্দুল গফুরও। জীবিত অবস্থায় নাতি হত্যার মামলার রায় কার্যকর দেখে যেতে চান তিনি। আবরার হত্যা মামলায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরের বছর ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর মামলাটি হাইকোর্টে গেলে ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়। ফলে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল ও লিভ টু আপিল করেছেন। রাষ্ট্রপক্ষ নতুন কোনো আপিল করেনি। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন থাকলেও মূল আপিলের শুনানি শুরু হয়নি। আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মামলার প্রায় ১০ হাজার পৃষ্ঠার পেপারবুক প্রস্তুত রয়েছে; তবে এখনো এটি আপিল বিভাগের কার্যতালিকায় স্থান পায়নি। এদিকে দণ্ডপ্রাপ্ত ২৫ আসামির মধ্যে চারজন পলাতক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোর্শেদ-উজ-জামান, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ বিচারিক আদালতের রায়ের সময় থেকেই পলাতক। আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ২০২৪ সালের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান। ফলে সাত বছর পরও আবরার পরিবারের সামনে একদিকে যেমন রায় কার্যকরের অপেক্ষা, অন্যদিকে পলাতক আসামিদের গ্রেপ্তারের অনিশ্চয়তাও রয়ে গেছে।
মন্তব্য:০