শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি’: বঙ্গভবনে ব্রিটিশ ডাচেসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির উদ্বেগ *** মেয়েদের ঝরে পড়া রোধ ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে জোর: প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইওর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক *** ‘আউটস্ট্যান্ডিং এলডিসি আইপিএ’: জেনেভায় ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ইনভেস্ট বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য *** রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদক ও সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র::রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত।| |ক্রেডিট : সংগৃহীত

রুশ হামলায় কাঁপল ইউক্রেন, ক্ষেপণাস্ত্র-ড্রোনে নিহত ২৮

শীতের আগমনের প্রাক্কালে ইউক্রেনজুড়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। উত্তরাঞ্চলীয় চেরনিহিভ থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। হামলার পর বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পাঁচতলা ভবনটির প্রায় অর্ধেক অংশ আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শক্তিতে জানালার কাচ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনের কাঠামো পরিণত হয় পোড়া কংক্রিট ও বেঁকে যাওয়া ধাতব অংশের স্তূপে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর জানিয়েছে, শুধু প্রিলুকির ওই অ্যাপার্টমেন্ট ভবনেই হামলায় ২০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। পরে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জেলেনস্কি জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর বা ১২ মাস এবং আরেকজনের বয়স আট বছর। হামলায় আহতদের মধ্যেও সাতজন শিশু রয়েছে। রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক ব্যবহার কেবল সামরিক অভিযান নয়; এর মাধ্যমে পরিকল্পিতভাবে আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। বেসামরিক মানুষের ওপর এমন হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। হামলার সময় প্রিলুকির বাসিন্দাদের অনেকেই ঘুমিয়ে ছিলেন। ৪০ বছর বয়সী ওলেনা সায়ুন এএফপিকে জানান, বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং মুহূর্তের মধ্যে জানালার কাচ ঘরের ভেতর ছিটকে পড়ে। তিনি ও তার স্বামী নিজেদের শরীর দিয়ে সন্তানকে ঢেকে রাখেন। এতে দুজনই আহত হন। আতঙ্কে সন্তানকে নিয়ে তারা দ্রুত বাথরুমে আশ্রয় নেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগের দিনই জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য ব্যাপক হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন। বিশেষ করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে বলে তিনি সতর্কবার্তা দিয়েছিলেন। এদিকে রাজধানী কিয়েভেও হামলার আশঙ্কায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। বিমান হামলার সাইরেন প্রায় অবিরাম বাজছে। নিরাপত্তার জন্য অনেক বাসিন্দা প্রয়োজনীয় জিনিসপত্র, মাদুর ও কম্বল নিয়ে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন এবং সেখানেই রাত কাটাচ্ছেন। ব্যাংক কর্মকর্তা ইরিনা রিবালচেঙ্কো কিয়েভের একটি সাবওয়ে প্ল্যাটফর্মে বসে এএফপিকে বলেন, তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখানে চলে এসেছেন। তার ভাষায়, পুরো কিয়েভ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। হামলার সতর্কবার্তার কারণে কর্মস্থলেও মানুষ আটকে পড়ছেন। গ্রুপ চ্যাট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও সতর্ক থাকার বার্তা আসছে। ইউক্রেনের বিমান বাহিনীর হিসাবে, বুধবার রাশিয়া বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন নিক্ষেপ করেছে। দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ একাধিক অঞ্চল এসব হামলার আওতায় ছিল। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এ কারণে ইউক্রেনের জন্য আরও উন্নত ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি বলে তিনি মনে করেন। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের মধ্যে বুধবারের হামলাকে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ভবনের কাছে থাকা ৩১ বছর বয়সী ইউলিয়া শামরাই হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, আবাসিক ভবনে এ ধরনের হামলা চালিয়ে রাশিয়া শেষ পর্যন্ত কী সামরিক লক্ষ্য অর্জন করল। শীতকাল সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, আবাসিক এলাকা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। একদিকে রুশ হামলা অব্যাহত, অন্যদিকে আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রয়োজনীয়তা—দুই দিক থেকেই ইউক্রেনের ওপর চাপ বাড়ছে। সূত্র: এএফপি





মন্তব্য