৯ জুলাই, ২০২৬
খেলা › আন্তর্জাতিক:

চিত্র:ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী অধিনায়ক ও বর্তমান কোচ দিদিয়ের দেশম| |ক্রেডিট : ইন্টারনেট
আর্জেন্টিনা–মিশর ম্যাচের পর বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সেই উত্তপ্ত পরিবেশের মধ্যেই কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তবে তিনি রেফারিং বিতর্কে জড়ানোর পরিবর্তে প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে ম্যাচেই মনোযোগ রাখার কথা জানিয়েছেন। দেশম বলেন, রেফারিদের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে এবং তিনি ম্যাচ পরিচালনাকারীদের নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি ও সহকারী রেফারিদের সবাই আর্জেন্টিনার হওয়ায় প্রশ্ন উঠলেও তিনি সেটিকে গুরুত্ব দেননি। ফরাসি কোচের ভাষায়, “আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।” তার মতে, ম্যাচের ফল নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্স, রেফারিং নিয়ে আগাম আলোচনা নয়। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের স্মৃতি সামনে রেখে মরক্কোর সম্ভাব্য প্রতিশোধের প্রসঙ্গও ওঠে সংবাদ সম্মেলনে। তবে দেশম বলেন, ফুটবলে প্রতিশোধের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচের দিনের পারফরম্যান্স। যে দল ভালো খেলবে, জয় তাদেরই প্রাপ্য হবে। তিনি আরও বলেন, মরক্কো শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর সক্ষমতার বড় প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসের মতো তারকাসমৃদ্ধ আক্রমণভাগ থাকা সত্ত্বেও দেশম সন্তুষ্ট নন। তার মতে, মরক্কোর বিপক্ষে আরও ধারালো আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, কারণ এই প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং ২০১৮ সালে বিশ্বকাপজয়ী কোচ দেশম আগেই জানিয়েছেন, এই টুর্নামেন্টের পর দায়িত্ব ছাড়তে পারেন। তবে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার সমস্ত মনোযোগ এখন কোয়ার্টার ফাইনালের ম্যাচে। এই মুহূর্তে অন্য কিছু ভাবছেন না।
মন্তব্য:০