২৫ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফ ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর| |ক্রেডিট : ছবি:মন্ত্রণালয়
রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফ ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তিতে অস্ট্রেলিয়ার পক্ষে দেশটির হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের পক্ষে প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগীদের সহায়তা অত্যন্ত মূল্যবান। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। চুক্তির আওতায় শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইউনিসেফ এসব কার্যক্রম পরিচালনা করবে। সংশ্লিষ্টরা জানান, এটি অস্ট্রেলিয়ার বৃহত্তর আঞ্চলিক মানবিক সহায়তা প্যাকেজের অংশ, যার মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি এবং ইউনিসেফ বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য:০