১৯ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কার্যকর বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের প্যানেল আলোচনায় তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং সংঘাত প্রতিরোধে আরও বেশি বিনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বিত বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, অর্থায়ন সংকটের কারণে বিশেষ করে রোহিঙ্গা নারী ও কিশোরীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এদিকে সফরের এক পর্যায়ে ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়। সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য:০