শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৫ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ।| |ক্রেডিট : ইন্টারনেট

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা গ্রেপ্তার

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান, মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার অন্য নেতারা হলেন—সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। ওসি জানান, বাবুল সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এজাহার অনুযায়ী, এ সময় বাদী বাবুল সরকার, রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, পরে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আল নুর মোহাম্মদ আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেওয়া হয়। রাত ১১টা ১০ মিনিটের দিকে তাদের হাসপাতাল থেকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায়, নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামে দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: শাহবাগ থানা পুলিশ ও মামলার এজাহার।





মন্তব্য