৭ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে প্রাণহানি| |ক্রেডিট : ইন্টারনেট
ন্যাটো শীর্ষ সম্মেলনের ঠিক আগে ইউক্রেনজুড়ে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (৬ জুলাই) ভোরে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে চালানো এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন এবং বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কিয়েভে ১৪ জন এবং রাজধানীর আশপাশের এলাকায় আরও ছয়জন রয়েছেন। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর রাশিয়া ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে। হামলার পর রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে উদ্ধার তৎপরতা শুরু হয়। দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত ২টা ১০ মিনিট এবং ৩টা ১৫ মিনিটে ধারাবাহিকভাবে আরও হামলা হয়। বিমান হামলার সতর্ক সংকেত বাজতেই হাজার হাজার মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। রোববার রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ন্যাটো সম্মেলনের আগে রাশিয়া নতুন হামলা চালাতে পারে। মঙ্গলবার তুরস্কে শুরু হতে যাওয়া ওই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের শেষ দিকে কিয়েভে রাশিয়ার আরেকটি বড় হামলায় অন্তত ৩১ জন নিহত হন। চলতি বছরে রাজধানীতে সেটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও কাছাকাছি পৌঁছেছে। তবে সম্ভাব্য শান্তি উদ্যোগ বা আলোচনা নিয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি। সূত্র: আল জাজিরা।
মন্তব্য:০