২৯ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু । ছবি: সংগৃহীত| |ক্রেডিট : ইন্টারনেট
রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে অভিযানের সময় ভয়াবহ ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ এখনো পাহাড় থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, দুর্ঘটনার পরপরই রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের উদ্ধারকারী দল অভিযান শুরু করে। তারা প্রথমে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে, আরও তিনজন নিহতের অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে প্রবল বাতাস, তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে তাদের মরদেহ নিচে নামানোর কাজ আপাতত সম্ভব হয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক। যদিও এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। মাউন্ট এলব্রাস জর্জিয়া সীমান্তের উত্তরদিকে অবস্থিত এবং এর উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার। আকস্মিক আবহাওয়া পরিবর্তন ও দুর্গম পথের কারণে পর্বতটি দীর্ঘদিন ধরেই অভিজ্ঞ পর্বতারোহীদের কাছেও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। বসনিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সাত সদস্যের অভিযাত্রী দলের সবাই জেনিৎসা শহরের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে একটি দম্পতি ও স্থানীয় হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে পাহাড়ে আটকে থাকা মরদেহগুলো উদ্ধারের জন্য পুনরায় অভিযান চালানো হবে। সূত্র: রয়টার্স, রিয়া নভোস্তি।
মন্তব্য:০