১৭ মার্চ, ২০২৬
স্বদেশ › অর্থনীতি

চিত্র:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম| |ক্রেডিট : ইন্টারনেট:
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ধাপে ধাপে তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক ও জাতীয় নানা সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিশেষভাবে গণপরিবহনের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হলেও বিভিন্ন খাতে কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। জনগণের প্রত্যাশা পূরণে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাবনাবাদ সেতুর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। একই সঙ্গে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে। স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহন সহজ হবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে।
মন্তব্য:০