১৭ অক্টোবর, ২০২৬
মতামত › আন্তর্জাতিক:

চিত্র:পশ্চিম অ্যান্টার্কটিকা| |ক্রেডিট : ইন্টারনেট
জলবায়ু পরিবর্তনের মারাত্মক ধাক্কায় পশ্চিম অ্যান্টার্কটিকার বিশালাকার থোয়াইটস হিমবাহ অতীতের সব হিসাব-নিকাশ ভুল প্রমাণ করে আশঙ্কাজনক দ্রুততায় গলে চলেছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের এক যৌথ গবেষণায় দেখা গেছে, হিমবাহটির অব্যাহত বরফ ক্ষয়ের কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ (২১০০ সাল) বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের পানির স্তর ৩০ মিলিমিটার (প্রায় ১.২ ইঞ্চি) পর্যন্ত বেড়ে যেতে পারে, যা আগের যেকোনো বৈজ্ঞানিক অনুমানের চেয়ে প্রায় দ্বিগুণ। বৈশ্বিক কার্বন নির্গমন স্থিতিশীল থাকলেও এই গতি রোধ করা কঠিন হতে পারে। বিজ্ঞান মহলে ‘ডুমসডে গ্লেসিয়ার’ বা ‘কেয়ামতের হিমবাহ’ নামে পরিচিত এই বরফস্তূপটি আফ্রিকার দেশ সেনেগাল কিংবা আমেরিকার ফ্লোরিডা রাজ্যের চেয়েও আয়তনে বড় (প্রায় ১ লাখ ৯২ হাজার বর্গকিলোমিটার)। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের একটি বিশেষ দল আধুনিক কম্পিউটার মডেলের মাধ্যমে এর বর্তমান গতিপ্রকৃতি বিশ্লেষণ করেছেন। তাদের বিস্তারিত ফলাফল বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে, থোয়াইটস হিমবাহটির ওপর পুরো পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের ভারসাম্য বহুলাংশে নির্ভরশীল। পাইন আইল্যান্ড হিমবাহের পাশাপাশি এটি গোটা বরফস্তূপের মূল প্রাকৃতিক অবলম্বন হিসেবে দাঁড়িয়ে আছে। ফলে এই বাঁধ ভেঙে পড়লে বা দুর্বল হলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়ে বিশ্বের বহু জনবহুল নিচু উপকূলবর্তী এলাকা ও শহর তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, হিমবাহটির পূর্ণাঙ্গ পতন বা মহাবিপর্যয়ের সময়সীমা কয়েক দশক নাকি কয়েক শতক তা নির্দিষ্ট করতে আরও সময়ের প্রয়োজন। হিসাব বলছে, বর্তমান বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ৪ শতাংশ সরাসরি এই একটি হিমবাহের বরফ গলার সঙ্গে জড়িত। ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত থোয়াইটস থেকে হারিয়ে গেছে এক লাখ কোটি টনেরও বেশি বরফ এবং প্রতিবছর গড়ে প্রায় ৫ হাজার কোটি টন বরফ নিঃশেষ হচ্ছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে উত্তপ্ত হয়ে ওঠা সমুদ্রের গভীর জলপ্রবাহই এর মূল ঘাতক। উষ্ণ পানি হিমবাহের তলে প্রবাহিত হয়ে এর পাটাতন গলিয়ে দিচ্ছে। ২০১৯ সালেই নাসার অনুসন্ধানে হিমবাহের তলদেশে ম্যানহাটন শহরের দুই-তৃতীয়াংশের সমতুল্য একটি সুবিশাল ফাঁপা গহ্বর শনাক্ত হয়েছিল। নতুন মডেল আরও স্পষ্ট করেছে যে, জোয়ার-ভাটার ওঠানামায় সমুদ্রের উষ্ণ পানির তরঙ্গ বরফের তলদেশের আরও গভীরে ঢুকে অভ্যন্তরীণ ক্ষয় বহুগুণ বাড়িয়ে তুলছে। এমনকি ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, সমুদ্রের তাপমাত্রা কমে আসলেও থোয়াইটস হিমবাহের বরফ গলার এই প্রক্রিয়া আরও দেড় শতাব্দী ধরে চলতে পারে। সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি
মন্তব্য:০