২ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত ‘যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা–২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।| |ক্রেডিট : ইন্টারনেট
দেশের প্রতিটি নাগরিককে প্রযুক্তিনির্ভর উন্নয়নের মূলধারায় যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতিবন্ধকতা কখনোই একজন মানুষের প্রতিভা বিকাশের অন্তরায় হতে পারে না। উপযুক্ত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত ‘যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা–২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার এমন একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করে সবাইকে উন্নয়নের অংশীদার করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, প্রতিবন্ধী তরুণদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তাদের দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের কার্যকর ক্ষেত্র। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার সুযোগও সৃষ্টি হয়। তিনি আশা প্রকাশ করেন, ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিনিধিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক বলেন, প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি জানান, বিসিসি, সিএসআইডি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই আয়োজন পরিচালনার পরিকল্পনা রয়েছে। এবারের প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৭০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে ২১ জন, শারীরিক প্রতিবন্ধী বিভাগে ২৫ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিভাগে ১৫ জন এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিভাগে ৯ জন প্রতিযোগিতা করেন। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। চারটি বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেন মো. শাকিল মিয়া, শেখ ইয়ামিন আহসান, নাহিন সিরাজ এবং আরিয়ান ইসলাম। আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য গ্লোবাল আইটি কম্পিটিশন ফর ইয়ুথ উইথ ডিজঅ্যাবিলিটিজ-এ তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। অনুষ্ঠানে মন্ত্রী তাদের ব্যক্তিগতভাবে সহায়তা করার আশ্বাসও দেন। এ সময় সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন কে এম মুজিবুল হক, প্রতিযোগীদের অভিভাবক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য:০