১৮ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমানের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, গবেষণার ফলাফল কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে কার্যকর প্রভাব সৃষ্টি করতে হবে। বুধবার (১৭ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘লাগসই প্রযুক্তির মানোন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞানকে প্রোটোটাইপ আকারে শিল্পখাতে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে পরবর্তীতে পণ্য বা সেবায় রূপান্তর করতে পারে। এর ফলে গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে এবং সমাজে এর বাস্তব প্রভাব সৃষ্টি হবে। তিনি বলেন, লাগসই প্রযুক্তি মানেই কম ব্যয়ের প্রযুক্তি নয়। বরং এমন প্রযুক্তি নির্বাচন করতে হবে, যা সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী। দেশের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি গ্রহণ করতে হবে, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে দেশকে পরিবর্তিত করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। মো. আনোয়ার হোসেন বলেন, যেসব গবেষণা বাস্তব জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না বা মানুষের কল্যাণে ভূমিকা রাখে না, সেসব উদ্ভাবনের পরিবর্তে প্রভাবসৃষ্টিকারী গবেষণায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, একটি কার্যকর লাগসই প্রযুক্তি এমন হওয়া উচিত যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, সহজে ব্যবহারযোগ্য হবে এবং পরিবেশ ও অর্থনীতির দিক থেকে টেকসই হবে। পাশাপাশি তা পরীক্ষামূলক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের সুযোগ থাকতে হবে এবং সমাজের সব শ্রেণির মানুষের উপকারে আসতে হবে। সেমিনারে এনআইবির মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমদ এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সেমিনারে অংশ নেন। সূত্র: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মন্তব্য:০