১৫ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রীর ঘোষণা।| |ক্রেডিট : ইন্টারনেট
প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা চলমান পরীক্ষার কোনো বিষয়ে অনুপস্থিত ছিল, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এদিকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি ছিল, সে কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। সূত্র: জাতীয় সংসদ ও শিক্ষা মন্ত্রণালয়।
মন্তব্য:০