শিরোনাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি *** ‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক :


২৯ অক্টোবর, ২০২৬

প্রবাস › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সুপ্রিম কোর্ট| |ক্রেডিট : ইন্টারনেট

প্রবাসীদের জীবন সুরক্ষায় দূতাবাসগুলোর সক্রিয় ভূমিকা চেয়ে রিট : বিদেশের মিশনে আইনি সুরক্ষায় ঘাটতির অভিযোগ

বিদেশের মাটিতে আইনি সংকটে পড়া বাংলাদেশি প্রবাসীদের জীবন ও নাগরিক অধিকার রক্ষায় কনস্যুলার সেবা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ রিট দাখিলের বিষয়টি জানান। রিটে পররাষ্ট্র সচিব, প্রবাসীকল্যাণ সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডিজি এবং সৌদি আরবস্থ রাষ্ট্রদূত ও জেদ্দার কনসাল জেনারেলসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে। সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত না করা কেন অবৈধ হবে না, তা নিয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে। বিশেষত, ১৪ অক্টোবর সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যথাসময়ে কূটনৈতিক আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগটি রিটে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়। রিটকারী আদালতের কাছে জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছেন যেন আদালত পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বের প্রতিটি বাংলাদেশ মিশনে একটি সুনির্দিষ্ট নির্দেশনা জারির নির্দেশ দেন। যার মাধ্যমে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা প্রবাসীদের মামলা তাৎক্ষণিক পর্যালোচনা, আপিল বা মার্ফা পিটিশনের সময়সীমা নিরূপণ এবং ডেডিকেটেড কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক করা যায়। এছাড়া সৌদি আরবের ওই ঘটনায় কী কূটনৈতিক যোগাযোগ হয়েছিল তা লিখিত হলফনামা আকারে ১৪ দিনের মধ্যে আদালতে জমার নির্দেশও চাওয়া হয়েছে। আবেদনে যুক্তি তুলে ধরে বলা হয়, আটক অনেক শ্রমিকের পরিবার আইনি ব্যয়ভার বহনে অপারগ এবং আরবি বা বিদেশি ভাষার সীমাবদ্ধতার মুখে পড়ে; এমন পরিস্থিতিতে রাষ্ট্রের কনস্যুলার সহায়তা তাদের একমাত্র সম্বল। মৃত্যুদণ্ড কার্যকরের পর সরকারি পর্যায়ে নেওয়া কূটনৈতিক প্রচেষ্টার কথা স্বীকার করা হলেও, তা যথাসময়ে হয়েছিল কি না—তা সরকারি রেকর্ডের মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। রিটকারী স্পষ্ট করেছেন, এই আবেদন বিদেশি কোনো বিচার ব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং প্রবাসীদের রক্ষায় বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করার উদ্দেশ্যে। সূত্র: সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রিট বেঞ্চ ও আবেদনকারীর প্রেস ব্রিফিং।





মন্তব্য