১৫ জুন, ২০২৬
অন্যান্য › স্বদেশ

চিত্র:রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
শিক্ষাখাতে বড় ধরনের উদ্যোগের অংশ হিসেবে আগামী জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে মিডডে মিল চালু, মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং পাঠদানকে প্রযুক্তিনির্ভর করা। তিনি আরও জানান, সেশনজট কমাতে পরীক্ষার ফল প্রকাশের পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ডিসেম্বরে নতুন ও পরিমার্জিত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আওতায় সারাদেশের প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে অংশ নেয়।
মন্তব্য:০