১৬ সেপ্টেম্বর, ২০২৫
স্বদেশ › রাজনীতি,সালাহউদ্দিন আহমদ,

চিত্র:সালাহউদ্দিন আহমদ| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – জাতীয় স্বার্থের বাইরে গিয়ে যদি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তবে এর ভয়ংকর পরিণতি হবে এবং এর জবাব মাঠেই দেওয়া হবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ যদি পিআর চায়, সেটা দেশের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর পদ্ধতির বিপক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি সমমনা দলের চলমান যুগপৎ আন্দোলন নিয়ে তিনি বলেন, যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করা। যেহেতু বাস্তবায়নের প্রক্রিয়াটি এখনো আলোচনাধীন, তাই এই মুহূর্তে আন্দোলন করা কতটা যৌক্তিক, তা জনগণ বিচার করবে। সালাহউদ্দিন আহমদ নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম নিয়েও সতর্ক করেন। তিনি বলেন, এটি ভবিষ্যতের জন্য একটি 'ভয়ংকর চর্চা'। যদি নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা হয়, তাহলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এবং পতিত শক্তি সুযোগ নেবে। তিনি আরও মন্তব্য করেন, যদি স্থিতিশীল সরকার গঠন করা না যায়, তবে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে।
মন্তব্য:০