২৯ জুন, ২০২৬
খেলা › আন্তর্জাতিক:

চিত্র:লিওনেল মেসি| |ক্রেডিট : ইন্টারনেট
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি যেন প্রতিদিনই নতুন অধ্যায় যোগ করছেন। রেকর্ডের পর রেকর্ড গড়ে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুতে মাঠে না নামলেও বদলি হিসেবে নেমে এক অনবদ্য ফ্রি-কিক গোলে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির স্থাপন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। টেক্সাসের আর্লিংটন ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহের মূল কেন্দ্র ছিল মেসি। আগে থেকেই ধারণা ছিল, তাকে বিশ্রাম দেওয়া হবে এবং পুরো ম্যাচ না খেলিয়ে প্রয়োজন হলে শেষদিকে নামানো হবে। সেই প্রত্যাশা নিয়েই ৭০ হাজার ৬৪৯ দর্শক গ্যালারিতে ভিড় করেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ৩১ মিনিটের মধ্যে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পেনাল্টি থেকে গোল করেন লাউতারো। বিশ্বকাপে দুজনের জন্যই এটি ছিল প্রথম গোল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মাউসা আল-তামারি গোল করে জর্ডানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে তখনও দর্শকদের চোখ ছিল বেঞ্চে বসে থাকা মেসির দিকে। টেলিভিশনের ক্যামেরায় তাকে দেখানো হলেই করতালি ও উল্লাসে মুখর হয়ে উঠছিল স্টেডিয়াম। অবশেষে ৬০ মিনিটে মাঠে নামেন আর্জেন্টিনার অধিনায়ক। ওতামেন্দির কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড গ্রহণ করে খেলায় যোগ দেন তিনি। মাঠে নামার পর থেকেই আর্জেন্টিনার আক্রমণে নতুন মাত্রা যোগ হয়। ৮০ মিনিটে নিজের স্বাক্ষর রাখা মুহূর্তটি উপহার দেন মেসি। বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁ পায়ের নিখুঁত বাঁকানো শটে বল জর্ডানের জালে পাঠিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। রক্ষণভাগের দেয়াল ও গোলরক্ষককে পরাস্ত করা সেই শট বিশ্বকাপের অন্যতম সেরা ফ্রি-কিক গোলের তালিকায় স্থান পাওয়ার মতোই ছিল। গোলের পর তার উচ্ছ্বসিত উদ্যাপনও ছিল দেখার মতো। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তিন ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ছয়। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দুটি গোল এবং তৃতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে একটি গোল করেন তিনি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বেও দুর্দান্ত ধারাবাহিকতায় ছিলেন মেসি। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি করে এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অসাধারণ রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি এতদিন ভাগাভাগি করে রেখেছিলেন ফ্রান্সের জ্যুস্ত ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনহো। ১৯৫৮ ও ১৯৭০ সালের বিশ্বকাপে গড়া সেই ঐতিহাসিক রেকর্ড অবশেষে ভেঙে একক মালিকানা প্রতিষ্ঠা করলেন মেসি। এদিকে নতুন ৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকো শতভাগ জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। একই গ্রুপ থেকে অস্ট্রিয়া ও আলজেরিয়াও নকআউট নিশ্চিত করেছে।
মন্তব্য:০