২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › স্বদেশ

চিত্র:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান (Yousef S. Y. Ramadan) সৌজন্য সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা, নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম এবং একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে বাংলাদেশের অবস্থান সবসময়ই স্পষ্ট ও দৃঢ়। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের নীতিগত সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ও লেখাপড়ার সুবিধার্থে অন-অ্যারাইভাল ভিসা প্রদানে বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আনুষ্ঠানিক প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর আহ্বান জানান। এ ছাড়া ভিসা যাচাই প্রক্রিয়া আরও কার্যকর করতে মধ্যপ্রাচ্যের বাংলাদেশ দূতাবাসে জমা পড়া ফিলিস্তিনি নাগরিকদের আবেদনপত্রের অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর প্রস্তাবও তুলে ধরেন রাষ্ট্রদূত। বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সাইবার অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা হবে। সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য:০