১৭ অক্টোবর, ২০২১
স্বদেশ › মফস্বল

চিত্র:আহত ওসি| |ক্রেডিট : ফেনী প্রতিনিধি
ফেনী শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় কালীবাড়ির সামনে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ২৫-৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সূত্র জানায়, শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। সে সময় একই স্থানের বড় মসজিদের সামনে কয়েকজন যুবক অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ফেনী থানার ওসির নেতৃত্বে পুলিশ তখন ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগ-যুবলীগের একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনের ওই যুবকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময়ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে ফেনী মডেল থানার (ওসি) মো. নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য, বেসরকারি একটি টিভি চ্যানেলের স্থানীয় ক্যামেরা পারসন রিয়াদ মোল্লা, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিমসহ ২৫-৩০ জন আহত হয়। ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, দফায় দফায় চলা এ সংঘর্ষে পুলিশসহ অনেকেই আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন, বলতে সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার শেল, ফাঁকা গুলি ছোড়া হয়েছে।

image : বিক্ষোভ | credit : ফেনী প্রতিনিধি

image : ফেনী সংঘর্ষ | credit : ফেনী প্রতিনিধি

image : ফেনী সংঘর্ষ | credit : ফেনী প্রতিনিধি
মন্তব্য:০