১৬ সেপ্টেম্বর, ২০২৫
স্বদেশ › রাজনীতি ,নির্বাচন,প্রধান উপদেষ্টা,

চিত্র:প্রধান উপদেষ্টা| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজানের আগেই একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সম্পন্ন করার পর তিনি তার পুরোনো কাজে ফিরে যাবেন। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আলোচনা চলাকালীন আইএমএফ প্রধান ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, "যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন আপনি সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন।" তিনি বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা, বাজারভিত্তিক বিনিময় হার চালু করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারে ড. ইউনূসের নেওয়া সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন। জর্জিয়েভার প্রশংসার জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা একটি পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।" তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জোর দিয়ে বলেন যে, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন শেষ করে তিনি তার পূর্ববর্তী কর্মজীবনে ফিরে যাবেন। আইএমএফ প্রধান জর্জিয়েভা আরও বলেন, দেশের অর্থনীতিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে জরুরি সংস্কার প্রয়োজন। তাদের আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, যেমন নেপালে 'জেন-জি আন্দোলন' এবং আসিয়ানে যোগদানের জন্য বাংলাদেশের আগ্রহের মতো বিষয়গুলোও উঠে আসে।
মন্তব্য:০