২৮ জুন, ২০২৬
স্বদেশ › পদ্মা

চিত্র:পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ| |ক্রেডিট : ইন্টারনেট
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জনবান্ধব ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই এ বাজেট তৈরি করা হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চার মাসের স্বল্প সময়ের মধ্যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট প্রণয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো দেশের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ধর্মীয় নেতাদের জন্য ভাতা এবং খালকাটা কর্মসূচি মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখছে। তিনি শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষা খাতে বাড়তি বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। পানিসম্পদ উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফারাক্কা বাঁধ, পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ প্রকল্পকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফারাক্কা থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে সরকারের কারিগরি কমিটি কাজ করছে। তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এর প্রথম পর্যায়ে ১৯ জেলার ১২০টি উপজেলা উপকৃত হবে। প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের পর ২৬ জেলার ১৬৩টি উপজেলা এবং দেশের প্রায় ৩৭ শতাংশ জনগণ সরাসরি সুবিধা পাবে। তিস্তা ব্যারেজ বাস্তবায়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পাঁচটিরও বেশি জেলার কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনায় নতুন গতি আসবে। এ সময় তিনি পঞ্চগড়ের সম্ভাবনার কথাও তুলে ধরেন। পঞ্চগড়কে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি পঞ্চগড় বাইপাস সড়ক নির্মাণ ও দেবীগঞ্জে এগ্রো জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আঞ্চলিক বৈষম্য কমাতে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সূত্র: জাতীয় সংসদের বাজেট আলোচনায় পানি সম্পদ প্রতিমন্ত্রী
মন্তব্য:০