৩ মার্চ, ২০২৬
স্বদেশ › শিক্ষা

চিত্র:শিক্ষামন্ত্রী| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উচ্চমানের বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব দিয়ে কারিকুলাম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ সম্পন্ন করা হবে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সেই লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যপুস্তকের আধুনিকায়ন এবং সময়োপযোগী করা অত্যন্ত জরুরি। তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। উল্লেখযোগ্যভাবে, ড. মিলন ঘোষণা করেন, মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির জন্য ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্যবই বাধ্যতামূলক করা হবে এবং এই বিষয়ে নিয়মিত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। অনুষ্ঠানে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য:০