১৮ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক › বাণিজ্য

চিত্র:বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন| |ক্রেডিট : সিএমজি:
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এই চালানটি পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আজ নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৫ হাজার মেট্রিক টন জ্বালানি পার্বতীপুর ডিপোতে পৌঁছে যায়। তিনি আরও জানান, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। অধিকন্তু আগামী কয়েক দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান পাম্পিং শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। ফলে এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হলো।
মন্তব্য:০