১ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:ইরনী ক্ষেপণাস্ত্র| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন আবার হামলা চালালে তার জবাব হবে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব এখনো পড়ছে হরমুজ প্রণালিতে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল সীমিত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও তেল রপ্তানিতে বাধার প্রতিবাদে তারা হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণমূলক অবস্থান বজায় রেখেছে। যদিও এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। মার্কিন প্রশাসনের ভেতরে ইরান ইস্যুতে নতুন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে একটি নিরাপত্তা ব্রিফিং দেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে তেহরানে বৃহস্পতিবার রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা লক্ষ্য করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আকাশে ড্রোন ও নজরদারি তৎপরতা শনাক্তের পর প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নজরদারিতে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: রয়টার্স
মন্তব্য:০