শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৫ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস (Ugochi Daniels)-এর সৌজন্য সাক্ষাত ।| |ক্রেডিট : ইন্টারনেট

নিরাপদ অভিবাসন ও মানবপাচার রোধে বাংলাদেশ-আইওএম সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার

নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন ব্যবস্থাপনায় (মাইগ্রেশন গভর্নেন্স) বাংলাদেশ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস (Ugochi Daniels)-এর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্ব পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে মানবপাচার প্রতিরোধ, অভিবাসীদের সুরক্ষা, অভিবাসন ব্যবস্থাপনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গত দুই দশক ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন-অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানবপাচারকে জঘন্য অপরাধ উল্লেখ করে মন্ত্রী বলেন, লোভ, অজ্ঞতা ও সচেতনতার অভাবের সুযোগ নিয়ে অপরাধী চক্র মানুষকে পাচারের ফাঁদে ফেলে। এ অপরাধ মোকাবিলায় সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে, যা সীমান্ত অপরাধ ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আইওএমের কাছে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের তথ্যভান্ডার রয়েছে কি না জানতে চাইলে উগোচি ড্যানিয়েলস জানান, আইওএম পাচারকারী চক্র শনাক্তে সহযোগিতা করতে পারে। সংস্থাটির পাশাপাশি ইন্টারপোলের কাছেও মানবপাচারের প্রবণতা-সংক্রান্ত তথ্য রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়। আইওএমের উপমহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে আইওএম প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে (১–৫ আগস্ট) আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডে (Dr. Laura Tomm-Bonde) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।





মন্তব্য